মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। ফ্লোরিডার মিয়ামি বিচে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’কে নিজের নামে অর্থাৎ ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে উল্লেখ করেন।
উপস্থিত সুধীজনের উদ্দেশে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই এই পথটি খুলে দিতে হবে, তাদের ‘ট্রাম্প প্রণালি’ উন্মুক্ত করতে হবে। পরক্ষণেই নিজের ভুল সংশোধন করে তিনি বলেন, ‘আমি আসলে হরমুজ প্রণালির কথা বোঝাতে চেয়েছি।’
বিষয়টি নিয়ে রসিকতা করে ট্রাম্প আরও বলেন, এটি একটি মারাত্মক ভুল হিসেবে প্রচার করবে মূলধারার সংবাদমাধ্যমগুলো। তারা বলবে ট্রাম্প ভুলবশত এটি বলেছেন। তবে ট্রাম্পের দাবি, তিনি খুব একটা ভুল করেন না।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারের বড় একটি অংশের জ্বালানি তেল পরিবহন করা হয়। ইরানকে এই জলপথ সচল রাখার জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, ইরান যদি সহযোগিতা না করে তবে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। তবে বর্তমানে তেহরানের সঙ্গে আলোচনা চলায় তিনি তার দেওয়া সময়সীমা আরও ১০ দিন বৃদ্ধি করেছেন।
রিপোর্টারের নাম 

























