বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস দিয়েছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আলোচনার বিস্তারিত জানানো হয়েছে।
বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক উদারতা প্রদর্শন করেছে, তার ভূয়সী প্রশংসা করেন তিনি। মহাসচিব মনে করেন, শরণার্থী সংকটে বাংলাদেশের এই ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত।
আলোচনা চলাকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমান বৈশ্বিক পরিস্থিতির চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বিশেষ করে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট এবং এর ফলে উন্নয়নশীল ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, সে বিষয়ে মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বৈঠকের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা সাদরে গ্রহণ করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ও জাতিসংঘ একে অপরের সহযোগি হিসেবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকটি সমাপ্ত হয়।
রিপোর্টারের নাম 
























