বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা বার্তা এসেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) পৃথক বার্তায় দেশগুলো বাংলাদেশের জনগণকে এই বিশেষ দিনে অভিনন্দন জানিয়েছে।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাঠানো অভিনন্দন বার্তায় বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার। দুই দেশ সর্বদা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সমতার সঙ্গে আচরণ করেছে, পারস্পরিক স্বার্থে সহযোগিতা করেছে এবং রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল স্থাপন করেছে। তিনি বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার পাশাপাশি উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ও বিনিময়কে উন্নত করা এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ধারাবাহিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বপ্নে প্রোথিত বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। উভয় দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ যখন এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।
রিপোর্টারের নাম 
























