প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী অধ্যাপিকা রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন। জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠান শেষে খেলা দেখে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
রিপোর্টারের নাম 
























