মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ঢাকার ব্রিটিশ হাইকমিশন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর পাঠানো বার্তায় বলেন, ‘আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুদেশের মধ্যকার সেই চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি।’
তৃতীয় চার্লস আরও বলেন, যুক্তরাজ্যে ৬ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাস করেন, যারা সেদেশের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দুদেশের সম্পর্ককে শক্তিশালী ও চিরস্থায়ী করছেন। তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের সমৃদ্ধ বৈচিত্র্য এবং এর তরুণ প্রজন্মের উদ্যম আশা ও অগ্রগতির অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও, সম্মিলিত শক্তি ও ঐক্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
রাজা জানান, আগামী নভেম্বরে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে দেশগুলোকে একত্রিত হওয়ার প্রত্যাশায় তিনি উন্মুখ হয়ে আছেন। সেখানে তাঁরা যৌথ অঙ্গীকারগুলো পুনর্ব্যক্ত এবং ভবিষ্যতের জন্য একটি কর্মপন্থা নির্ধারণের আশা করেন। তাঁরা একসঙ্গে পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে যাবেন বলে তিনি জানান।
তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী বাংলাদেশের মানুষের জন্য আগামী বছরটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধময় হোক বলে কামনা করেছেন।
রিপোর্টারের নাম 
























