রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গত জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকালে এই হত্যা ও হামলার ঘটনা ঘটেছিল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানির পর এই আদেশ দেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষে রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ প্রায় ৫০০-৭০০ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে। গুলিতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।
রিপোর্টারের নাম 
























