রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের জন্য ন্যূনতম এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) প্রেরিত এই নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে এই আইনি নোটিশটি পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, এই মর্মান্তিক ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী-রাজবাড়ী রুটে চলাচলকারী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আইনি নোটিশে আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণকে রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নোটিশে সতর্ক করা হয়েছে যে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আইনি নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানিয়েছেন যে, জনস্বার্থে এই নোটিশটি পাঠানো হয়েছে। সময়স্বল্পতার কারণে ডাকযোগে পাঠানো সম্ভব না হওয়ায় প্রথমে ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও এটি পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
রিপোর্টারের নাম 
























