রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ শুরু হয়েছে। এই কুচকাওয়াজে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত থেকে সালাম গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত রয়েছেন। এছাড়া, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা কুচকাওয়াজ উপভোগ করছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে এই বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শন বন্ধ ছিল। তবে বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে এই আয়োজন অব্যাহত ছিল।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এই আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রোজার শুরু থেকেই প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি শুরু হয় এবং মঙ্গলবার চূড়ান্ত রিহার্সেলের মাধ্যমে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।
শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শক জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হয়েছেন। দর্শনার্থীদের বসার জন্য প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা শোভা পাচ্ছে, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 
























