বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এই কুচকাওয়াজ ২০০৮ সালের পর, অর্থাৎ ১৮ বছর পর ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় যুক্ত হলো।
উল্লেখ্য, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল, তবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপনে এ আয়োজন অব্যাহত ছিল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এ আয়োজন করতে রোজার শুরু থেকেই প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি শুরু হয়। মঙ্গলবার ‘চূড়ান্ত রিহার্সেলের’ মাধ্যমে এর প্রস্তুতি সম্পন্ন করা হয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এই আয়োজন উপভোগ করতে হাজার হাজার মানুষ ভিড় জমায়।
রিপোর্টারের নাম 
























