প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে প্রথমবারের মতো জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। এটি একটি বিশেষ সংযোজন যা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এর পাশাপাশি, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড-২০২৬ অনুষ্ঠানেও তিনি জাতীয় পতাকাবাহী গাড়িতে উপস্থিত হন।
বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলের করুণ সুর বেজে ওঠে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সিনিয়র নেতাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
রিপোর্টারের নাম 
























