রাজধানীর আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই অনুরোধপত্র পাঠানো হয়েছে, যাতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বলেন যে, হাদি হত্যায় অভিযুক্তদের বিষয়ে নিবিড় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এর আগে একবার চার্জশিট দেওয়া হলেও পরবর্তীতে না-রাজি আবেদনের প্রেক্ষিতে পুনরায় তদন্ত শুরু হয়। এরই মধ্যে ভারতের মাটিতে প্রথমে দুইজন এবং পরে আরও একজনসহ মোট তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ফেরত আনার প্রক্রিয়া হিসেবে গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় সব নথিপত্র আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সংস্কার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান সরকার বিশ্বের বেশ কিছু উন্নত দেশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও মান উন্নয়নের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষে উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট, ট্রেনিং সাপোর্ট এবং অ্যাডভাইজার সাপোর্ট চাওয়া হচ্ছে। মূলত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি সমৃদ্ধ ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের বর্তমান লক্ষ্য।
রিপোর্টারের নাম 

























