দেশে বর্তমানে এক মাসের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণত ১৫ দিনের মজুত থাকলেও বর্তমানে তা বাড়িয়ে এক মাসে উন্নীত করা হয়েছে এবং সরকার এই মজুত আরও বাড়ানোর পরিকল্পনা করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সচিব জানান, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সাধারণ মানুষের মধ্যে জ্বালানি সংকট নিয়ে যে আতঙ্ক দেখা দিয়েছে, তা ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত তেল কিনে মজুত করার প্রয়োজন নেই, কারণ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় বজায় রাখতে এবং লোকসান এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে সরকার, যা দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত করবে।
রিপোর্টারের নাম 
























