মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ দেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে দেশের অগ্রযাত্রায় শামিল হতে হবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই লাল-সবুজের পতাকা। বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা মা-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জাতীয় ঐক্য এবং পারস্পরিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাতৃভূমির উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে হলে দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার মাধ্যমেই একটি উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























