মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বড় ধরনের সংকটে পড়েছে দেশের আকাশপথ যোগাযোগ। গত ২৭ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যের অন্তত ৭৭৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মূলত ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশ তাদের আকাশসীমা বন্ধ বা সীমিত রাখায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর ওপর দিয়ে বিমান চলাচলে ঝুঁকি থাকায় এয়ারলাইনসগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংকটে প্রতিদিন গড়ে ২০ থেকে ৪০টি ফ্লাইট স্থগিত করা হচ্ছে। সর্বশেষ ২৬ মার্চ রাত ১২টার পর আরও ২২টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ ও এমিরেটসের মতো বড় এয়ারলাইনসগুলোর একাধিক ফ্লাইট রয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ফ্লাইটের এই অনিশ্চয়তা কাটবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























