শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস সম্পন্ন করার লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, শুধু প্রাথমিক স্তরে ১০টি শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট নয়; এটি মাধ্যমিক স্তরেও কার্যকর করা জরুরি। দীর্ঘ ছুটি ও পরীক্ষার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটাতে বাড়তি ক্লাসের বিকল্প নেই।
বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে কোচিং ও প্রাইভেট টিউশনের ওপর শিক্ষার্থীদের নির্ভরতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। অনেক শিক্ষক ক্লাসে পাঠদানের চেয়ে ব্যক্তিগত কোচিংয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এমনকি নির্দিষ্ট শিক্ষকের কাছে না পড়লে শিক্ষার্থীদের হেনস্তা করা বা পরীক্ষায় নম্বর কম দেওয়ার মতো গুরুতর অভিযোগও পাওয়া যাচ্ছে। এছাড়া সরকারীকরণ করা স্কুলগুলোতে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সিন্ডিকেট ভাঙতে না পারায় শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
অভিভাবক ঐক্য ফোরাম মনে করে, রমজানের ছুটি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে স্কুল ব্যবহারের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে এবং একটি স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তাদের মতে, শিক্ষার মূল কেন্দ্র হওয়া উচিত বিদ্যালয়, কোনো কোচিং সেন্টার বা শিক্ষকের ব্যক্তিগত বাসভবন নয়।
রিপোর্টারের নাম 
























