দেশের দুই লক্ষাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস (জুতা) বিতরণের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষাখাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই কর্মসূচির ঘোষণা দেন।
মন্ত্রী জানান, দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের কল্যাণে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও, ২০২৬-২০২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।
শিক্ষা খাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলককরণ, কারিগরি শিক্ষার প্রসার এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’র মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস প্রদানের পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ঋণ সুবিধা এবং হাফেজদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের জট দূর করতে এবং জাতীয়করণকৃত বয়স্ক শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।
রিপোর্টারের নাম 
























