বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন যে, সরকারের মেয়াদ পূর্তির মাত্র এক মাসের মধ্যেই প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মোয়াজ্জিন ও অন্যান্য ধর্মগুরুদের ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) নাটোর জেলা পরিষদ কার্যালয় চত্বরে নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও জানান, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক পাবেন। সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্তও ঘোষণা করেছে। এছাড়া, প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ জিয়ার খাল খনন কর্মসূচিও সরকার ইতোমধ্যে শুরু করেছে।
নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, আমরা ১৭ বছরের দীর্ঘ কষ্টের জীবন পার করে এখানে এসেছি। আমাদের দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি’র প্রায় সকল নেতাকর্মী ওই সময় জুলুম-নির্যাতনের শিকার হয়েছিলেন। আমরা যেমন তখন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে।
দুলু বলেন, আজকের জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজও সে সময় এই কার্যালয়ের অদূরে নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছেছিলেন। তিনি তার সেই ত্যাগের মূল্যায়ন আজ পেলেন। দুলু আরও জানান, নাটোরের জনগণ অচিরেই গ্যাস লাইনের সংযোগ পাবেন। নাটোরে গ্যাসের সংযোগ স্থাপিত হলে নতুন নতুন মিল-কারখানা গড়ে উঠবে, যা বেকার সমস্যার সমাধানে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 
























