অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জুলাই বিপ্লব আমাদের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই বিপ্লবকে অবজ্ঞা করলে জাতির জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।’ তিনি জোর দিয়ে বলেন যে, ইতিহাসকে উপেক্ষা করলে একটি জাতি দিকভ্রান্ত হয়ে পড়ে এবং সঠিক পথ খুঁজে পেতে ব্যর্থ হয়।
মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মিলনায়তনে ‘আলোর ফেরি’ সংগঠনের আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত দোয়া ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে আত্মত্যাগ এবং ত্যাগের নজির সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য এক অমূল্য সম্পদ। তিনি মনে করেন, এই বিপ্লবের ফলে অর্জিত ইতিহাসকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের যোদ্ধাদের রক্ত ও শ্রম কোনো দিন বৃথা যাবে না। তাদের আত্মত্যাগের ফলেই অনেকে আজ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছেন, দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরতে পেরেছেন এবং অন্যায়ভাবে কারাবন্দী ব্যক্তিরা মুক্তি লাভ করেছেন।’
রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশের প্রত্যাশা করে। ক্ষমতায় টিকে থাকার জন্য অসাংবিধানিক বা অনৈতিক পন্থা অবলম্বনের প্রবণতা পরিহার করা জরুরি। অন্যথায়, জনগণের তীব্র ক্ষোভ থেকে পুনরায় গণঅভ্যুত্থানের সৃষ্টি হতে পারে বলেও তিনি সতর্কবাণী উচ্চারণ করেন।
রিপোর্টারের নাম 
























