বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম আকাশের পরিত্যক্ত বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাড়ির ভেতরে থাকা কৃষিপণ্যসহ পুরোনো আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এই ঘটনা ঘটে। আমিনুল ইসলাম আকাশ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়িটিতে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। পরিত্যক্ত মাটির বাড়িতে আলুসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য মজুত ছিল।
আত্মগোপনে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম আকাশ অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। আগুনে তার প্রায় দেড় লাখ টাকার কৃষিপণ্য ও পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে বলে তিনি জানান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানিয়েছেন, আগুনের কারণ এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























