গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে অবস্থিত জামিয়া রশিদিয়া আশরাফিয়া খিরাটি মাদ্রাসার মুহতামিমকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মাদ্রাসার মুহতামিম মুহা. আব্দুস সবুর, তার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, একটি পক্ষ পরিকল্পিতভাবে মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. আবুল হাসান এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে প্রশাসনের কাছে এই অপপ্রচারের বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুহতামিম আব্দুস সবুর জানান, তিনি প্রায় ২৪ বছর ধরে খিরাটি এলাকায় বসবাস করছেন এবং বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয় করে সেখানে মাছ চাষ ও কৃষিকাজ করে আসছেন। তিনি আরও দাবি করেন যে, সংশ্লিষ্ট দপ্তর থেকে কাগজপত্র যাচাই-বাছাই করেই তিনি জমি কিনেছেন এবং পূর্বে প্রশাসনের নির্দেশে ভূমি কার্যালয়ের জরিপকারী দ্বারা জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। তার মতে, জমিতে সফল চাষাবাদ হওয়ায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক চাঁন মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। স্থানীয় ব্যবসায়ী ও জমির মালিকরাও বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























