তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক অবস্থান থেকে বিচ্যুতির কারণে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার যে শিক্ষা হয়েছে, তা এখন ইতিহাসের অংশে পরিণত হয়েছে। বিএনপি সরকার সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাস থেকে প্রাপ্ত শিক্ষাকে লাগাতারভাবে চর্চা করবে। দলটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে অবাধ নির্বাচনের ধারা অব্যাহত রাখবে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের মধ্য দিয়েই একটি রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যেতে পারে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো অতীতে ফিরে দেখা। তবে সেই স্মৃতিকে শুধু আবেগে সীমাবদ্ধ না রেখে তা নথিবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার উপকরণ হিসেবে উপস্থাপন করা একটি গুরুত্বপূর্ণ কাজ।
তিনি বলেন, ‘ফিরে দেখা সেই সময়’ বইটিতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। দশম জাতীয় সংসদ নির্বাচন দেশি-বিদেশি মহলে একতরফা হিসেবে পরিচিতি পেয়েছিল এবং ১৫১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সংবিধানে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ উল্লেখ থাকলেও শেখ হাসিনা তা বিশ্বাস করত না। আওয়ামী সরকারের দেড় দশকের শাসন আমলে জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল। জনগণের একটি বড় অংশ অংশগ্রহণ না করলে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয়—সেই প্রশ্নও তোলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের নির্বাচন দীর্ঘমেয়াদে টেকসই হয় না এবং জনগণ শেষ পর্যন্ত এর বিরুদ্ধে অবস্থান নেয়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটেও তিনি এই বাস্তবতার প্রতিফলন দেখেছেন বলে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক ইতিহাসের এ ধরনের অধ্যয়ন ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্বকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন এবং চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
রিপোর্টারের নাম 
























