ইতালির দক্ষিণ উপকূলীয় নেপলস উপসাগরের গভীর তলদেশে এক বিস্ময়কর ও সমৃদ্ধ বাস্তুসংস্থানের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটারেরও বেশি গভীরে অবস্থিত এই অঞ্চলে বিশালাকার প্রাচীন প্রবাল প্রাচীরের সন্ধান মিলেছে, যা দীর্ঘকাল মানুষের অগোচরে ছিল।
ডুবো ড্রোন ও রোবোটিক প্রযুক্তির সহায়তায় চালানো এই গবেষণায় দেখা গেছে, প্রায় ৮০ মিটার উচ্চতার একটি খাড়া পাহাড়ের গায়ে এই প্রবালগুলো গড়ে উঠেছে। সিএনআর ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের গবেষক জর্জিও কাস্তেলান জানান, এখানে পাওয়া কিছু প্রবাল কাঠামো ১.৮ মিটারের বেশি প্রশস্ত। মূলত ডেসমোফাইলাম ও ম্যাডরেপোরা প্রজাতির এই প্রবালগুলো বড় বড় তাক বা শেলফ আকারে সাজানো রয়েছে।
সূর্যের আলোহীন এই গভীর স্তরে প্রবালগুলো সমুদ্রের স্রোতে ভেসে আসা খাবারের ওপর নির্ভর করে বেঁচে থাকে। তবে আশঙ্কার বিষয় হলো, প্লাস্টিক বর্জ্য ও মাছ ধরার সরঞ্জামের কারণে এই অমূল্য প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে বিজ্ঞানীরা বর্তমানে ‘ইকো-রিফ’ নামক কৃত্রিম কাঠামো স্থাপনের কাজ শুরু করেছেন।
রিপোর্টারের নাম 
























