দেশের স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফেরাতে এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে কোনো অননুমোদিত হাসপাতাল বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না।
মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটি পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর নির্দেশনা রয়েছে।
এবারের ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগের মধ্যে এবারই দেশের মানুষ সবচেয়ে স্বস্তিতে ও শান্তিতে ঈদ পালন করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসবে শামিল হতে পেরেছে।
তবে উৎসবের মধ্যেও কিছু সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। ঈদযাত্রায় গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের কিছু বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে এবারের ঈদ ব্যবস্থাপনা সফল হয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
রিপোর্টারের নাম 
























