রাজধানীর শ্যামলী এলাকায় ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সেটি সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সোমবার বিকেলে হাসপাতালটি আকস্মিক পরিদর্শন শেষে তিনি এই কঠোর আদেশ দেন। মন্ত্রী ঘোষণা করেন, মঙ্গলবার থেকে ঢাকা শহরসহ সারাদেশে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত শুদ্ধি অভিযান শুরু হবে।
সম্প্রতি একজন অদক্ষ কর্মীকে বিশেষজ্ঞ সার্জন সাজিয়ে অস্ত্রোপচার করার খবর গণমাধ্যমে আসার পর স্বাস্থ্যমন্ত্রী এই পদক্ষেপ নেন। পরিদর্শনের সময় ভুক্তভোগী রোগী ও স্বজনরা মন্ত্রীর কাছে হাসপাতালের চরম অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সেখানে চিকিৎসাধীন রোগীদের পঙ্গু হাসপাতাল ও সোহরাওয়ার্দীসহ বিভিন্ন সরকারি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বরদাশত করা হবে না। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তদারকি করা হবে এবং ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে। এর মধ্যে মানোন্নয়ন না করলে সেসব প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। দেশের স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে তিনি দেশবাসীর কাছে কিছুটা সময় এবং পূর্ণ সহযোগিতা কামনা করেন।
রিপোর্টারের নাম 
























