দেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও ভোক্তাদের ক্রমবর্ধমান চাপের মুখে পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও প্রশাসনের জরুরি সহায়তা চেয়েছে মালিক সমিতি। সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বিশ্বজুড়ে ইরানকেন্দ্রিক অস্থিরতার প্রভাবে ডিপোগুলো থেকে চাহিদামতো তেল সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেক স্থানে উত্তেজিত জনতা পাম্পের কর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এমতাবস্থায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সক্রিয় সহযোগিতা ছাড়া পাম্প চালু রাখা কঠিন হয়ে পড়েছে।
এদিকে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডিপো থেকে তেল বরাদ্দের ক্ষেত্রে ট্যাংক লরির ধারণক্ষমতার সাথে সামঞ্জস্য রাখা হচ্ছে না। ফলে পরিবহন ও বিতরণে জটিলতা তৈরি হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
রিপোর্টারের নাম 
























