স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত হঠাৎ করে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কলে যুক্ত হয়ে সেখানকার চিকিৎসা সেবার খোঁজখবর নিয়েছেন। হাসপাতালে উপস্থিত চারজনের মধ্যে কাউকে না পেয়ে তিনি জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোর পর্যন্ত প্রতিটি স্থানের খোঁজখবর নেন। ঈদের ডিউটিতে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি ছুটির দিনেও চিকিৎসা কার্যক্রম কতটা স্বাভাবিকভাবে চলছে তা জানতে চান।
সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই দৃশ্য দেখা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে এই হাসপাতালে যুক্ত হন।
ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম কতটা সচল রয়েছে তা সরেজমিনে দেখতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন। প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালের চিকিৎসকদের ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে নির্দেশ দেন।
ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আত্মত্যাগের প্রশংসা করেন।
চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে। তবে, যে সকল চিকিৎসক অনুপস্থিত ছিলেন, তাদের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে উন্নত সেবা পায়, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন।
তিনি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।
রিপোর্টারের নাম 
























