ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ লক্ষ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
রোববার (২২ মার্চ) ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে এবং আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এর আগে গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। চার দিনের রিমান্ড শেষে রোববার তাদের পশ্চিমবঙ্গের একটি স্থানীয় আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় ফয়সাল করিম মাসুদ দাবি করেন, হাদি হত্যাকাণ্ড একটি রাজনৈতিক চক্রান্ত হতে পারে এবং এতে তার কোনো সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান ঈদ-পরবর্তী রাজধানীর নিরাপত্তাব্যবস্থাও তুলে ধরেন। তিনি জানান, ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে। এছাড়াও, ঈদের পর বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মূল্যবান সামগ্রী পরিবহনে নিরাপত্তা প্রয়োজন হলে নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























