রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) এবং মোঃ সবুজ ওরফে ইমন (২৫)।
রোববার (২২ মার্চ) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশের একটি দল জানতে পারে যে দুইজন ব্যক্তি একটি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে ওই এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাফায়েত ও সবুজকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এই ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা খিলগাঁও এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখেছিল। সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট চারটি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























