কুমিল্লার লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল কর্তৃপক্ষ। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও তিনি সাংবাদিকদের অবহিত করেন।
আহতদের চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, তিনি ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রয়োজন হবে, তাদের জন্য সে ব্যবস্থাও করা হবে। স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসার খোঁজখবর রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। এ সময় কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























