নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২১ মার্চ) গভীর রাতে এই অভিযান চালানো হয়। রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম।
ডিবি প্রধান জানান, গ্রেপ্তারকৃত আরিফ মাঈনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। এই ভুয়া গেজেটে উল্লেখ করা হয় যে, তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। প্রতারণার উদ্দেশ্যে তিনি এই নকল গেজেট সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠান। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে তিনি ভুয়া ভিজিটিং কার্ডও তৈরি করে ব্যবহার করতেন।
গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, আরিফ মাঈনুদ্দিন গত ১০ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে আরেকটি ভুয়া গেজেট তৈরি ও প্রচার করেন। ওই গেজেটে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের কথা উল্লেখ করে তাকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান এবং স্থায়ী বাসস্থান প্রদানের কথা বলা হয়। তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং কক্সবাজার জেলা পুলিশের যৌথ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা এলাকা থেকে আরিফ মাঈনুদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে তৈরি করা মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভুয়া ভিজিটিং কার্ড এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























