রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একদল চোরের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় দুই চোরকে আটক করা হলেও, তাদের হামলায় একজন আনসার সদস্য আহত হয়েছেন।
গত শুক্রবার (২০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হাসপাতালের নিচতলায় এই ঘটনা ঘটে। আটককৃত চোরেরা হলো রেজাউল (২৯) এবং মো. রাতুল (১৯)।
ঘটনার বিবরণে জানা যায়, রাতে এক চোর জানালার গ্রিল কেটে হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করে, যখন তার অন্য সহযোগী বাইরে পাহারায় ছিল। তারা ভেতরের পানির কল ভাঙার চেষ্টা করার সময় শব্দ শুনে ডিউটিরত আনসার সদস্যরা সেখানে ছুটে যান।
এ সময় এপিসি মো. কাওসার হোসেন এবং আনসার সদস্য মো. আজিজুর রহমান চোরদের ধরতে গেলে, এক দুর্বৃত্ত পানির কল দিয়ে কাওসার হোসেনের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তবে সহকর্মীর ওপর হামলার মুখেও অন্য সদস্যরা সাহসিকতার পরিচয় দিয়ে দুই চোরকেই হাতেনাতে ধরে ফেলেন।
গুরুতর আহত এপিসি মো. কাওসার হোসেনকে তাৎক্ষণিকভাবে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় আঘাতের স্থানে সেলাই লেগেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আটককৃত দুই চোরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানিয়েছেন, শেরেবাংলা নগরের এই ঘটনা প্রমাণ করে যে, প্রতিকূল পরিস্থিতিতেও আনসার সদস্যরা জননিরাপত্তা এবং সরকারি সম্পদ রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 
























