রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক সঙ্গে নামাজ আদায় করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এই প্রধান জামাতে আরও অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ও কোলাকুলি করেন।
জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। তিনি দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন।
এই জামাতে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়াও, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা ও বসার ব্যবস্থা নিশ্চিত করা হয়। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অযুখানাসহ মেডিকেল টিমের সুবিধা রাখা হয়। ঈদগাহ ময়দানে প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের সুব্যবস্থা ছিল।
রিপোর্টারের নাম 
























