ঈদযাত্রার শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীচাপ কিছুটা কমলেও, ফিরতি যাত্রার সময় পরিস্থিতি নির্বিঘ্ন রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। শুক্রবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন লঞ্চে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং লঞ্চের অভ্যন্তরে যাত্রী পরিবহনের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত যাত্রী বোঝাই প্রতিরোধে তিনি নিজে উপস্থিত থেকে বেশ কয়েকটি লঞ্চকে তাদের নির্ধারিত সক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়ার নির্দেশ দেন।
ঘাট ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমজীবী মানুষের নিরলস দায়িত্ব পালনের জন্য প্রতিমন্ত্রী ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক প্রত্যাবর্তন নিশ্চিত করতে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
নৌপথে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঘাট পরিচালনায় নিয়োজিত সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন, যাতে ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 
























