রাজধানীর উত্তরা তুরাগ থানা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পড়ে গিয়ে মুক্তা আক্তার (২১) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্বামী লিমন হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলাটি দায়ের করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে বলে জানিয়েছেন এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন।
পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার সাথে জড়িত প্রাইভেটকারটি শনাক্ত করার জন্য কাজ করছে। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মুক্তা আক্তার। এ সময় একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাংলাদেশ মেডিকেল, এরপর আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তা আক্তার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি বরগুনায়। তিনি উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্বামী লিমন জানান, ঘটনার দিন সকালে তারা দুজনে মার্কেটে গিয়েছিলেন। পরে মুক্তা আক্তার কিছু কেনাকাটার জন্য উত্তরা হাউজ বিল্ডিং মার্কেটের উদ্দেশ্যে একা বের হন। আধাঘণ্টা পর তিনি খবর পান যে তার স্ত্রী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে পৌঁছে তিনি উদ্ধারকারী অটোরিকশার চালকের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে এই এলাকায় ছিনতাই চক্র সক্রিয় হয়ে উঠেছে।
রিপোর্টারের নাম 
























