ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ঈদযাত্রা নিয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কথার ফুলঝুরি ও বাগাড়ম্বর নয়, জনদুর্ভোগ লাঘবে বাস্তবসম্মত উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদযাত্রায় প্রাণহানি ও জনদুর্ভোগের উদ্বেগ প্রকাশ করেন। মাওলানা ইউনুস আহমদ বলেন, কর্মব্যস্ত জীবনে মানুষ ঢাকায় দুর্বিষহ জীবন কাটায়। তাই দুই-তিন দিনের ছুটি পেলেই গ্রামে ফেরার জন্য মানুষের ব্যাকুলতা তীব্র হয়ে ওঠে। মা-মাটি ও অকৃত্রিম সামাজিকতার সান্নিধ্যে ফিরে যাওয়ার এবং যান্ত্রিক জীবন থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই এই ফেরা।
তিনি অভিযোগ করেন, মানুষের এই আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র সিন্ডিকেট করে ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি ঘটায় এবং কৃত্রিম সংকট তৈরি করে। রাষ্ট্রের দায়িত্ব হলো এই অসাধু লোকদের দমন করা এবং তাদের দৌরাত্ম্যে লাগাম টানা। মানুষের এটাই সরকারের কাছে প্রত্যাশা।
নতুন সরকারের সড়ক যোগাযোগমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরও ঈদযাত্রায় নাগরিক ভোগান্তি দূর করতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্মম দুর্ঘটনায় প্রাণহানি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার এবং বিশেষ করে মন্ত্রী মহোদয় কথার ফুলঝুরি ও বাগাড়ম্বর বাদ দিয়ে সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করবেন এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
মাওলানা ইউনুস আহমদ আরও বলেন, ঈদের আগে বাড়ি ফেরা এবং পরে কর্মস্থলে ফিরে আসা—এই দুই অংশ মিলেই ঈদের যাত্রা। ঈদের প্রথম অংশ শেষ হয়েছে। স্কুল ছুটি থাকায় মানুষ পর্যায়ক্রমে ঢাকা ছেড়েছে। কিন্তু ফিরতি যাত্রায় সেই সুযোগ থাকবে না, ফলে চাপ একসঙ্গে বাড়বে। এই চাপ সামলানোর জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
রিপোর্টারের নাম 
























