রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েক দিন ধরে মেঘাচ্ছন্ন আকাশ এবং সম্প্রতি কালবৈশাখীর আঘাতের পর আজ শুক্রবারও একই ধরনের আবহাওয়ার প্রবণতা বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে ঢাকা ও তৎসংলগ্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এছাড়াও, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩ মিনিটে।
রিপোর্টারের নাম 
























