আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এবার ঢাকার ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদসহ মোট ১৭৭১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি শুরু হবে সকাল ৭টায়। এছাড়া উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আগারগাঁওয়েও বড় জামাতের আয়োজন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। মুসল্লিদের নির্দিষ্ট পার্কিং এলাকায় গাড়ি রেখে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও বিশেষ নিরাপত্তা বলয় থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।
রিপোর্টারের নাম 
























