ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৮২ হাজার ৬০১টি গাড়ি যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে, যা থেকে সাড়ে ৬ কোটি টাকার বেশি টোল আদায় করা হয়েছে। এই তথ্য সেতু কর্তৃপক্ষের।
রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় মোট ৮২ হাজার ৬০১টি গাড়ি সেতু পারাপার হয়েছে। এই সময়ে মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা।
সোমবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে, বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকায় যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন। যদিও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশে যানজটের আশঙ্কা ছিল, তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ছিল ১৯ হাজার ৪৪৫টি যানবাহন, যা থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ২৭ হাজার ৪৯৮টি, যা থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় মোট ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।
যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে ৯ থেকে ১৮টি বুথ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। এছাড়া, মোটরসাইকেল চালকদের সুবিধার জন্য সেতুর দুই পাড়ে পৃথক দুটি করে বুথ স্থাপন করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























