বগুড়ার সান্তাহারে ঈদে ঘরমুখো যাত্রীবাহী ট্রেনের দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সন্ধ্যায় (১৮ মার্চ ২০২৬) প্রধানমন্ত্রী দুর্ঘটনাকবলিত এলাকার বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান রুমন জানান, বগুড়ায় ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সেখানকার পরিস্থিতি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। তিনি সার্বিক পরিস্থিতি জানার পাশাপাশি দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে, দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ পুনরায় সচল এবং যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আদমদীঘি উপজেলার বাগমারি এলাকায় লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিজের নির্বাচনী এলাকা হিসেবে বগুড়ার এই দুর্ঘটনার প্রতি প্রধানমন্ত্রী বিশেষ নজর রেখেছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
রিপোর্টারের নাম 
























