সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তর্বর্তী সরকারের গঠিত ঐক্যমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিরা গণভোটের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছিলেন। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, গণভোটে উত্থাপিত ৪৮টি বিষয়ে জনগণ তাদের রায় দিয়েছে। আমরা আশা করি, সব রাজনৈতিক দল জনগণের এই রায়কে সম্মান জানাবে এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে প্রজ্ঞার পরিচয় দেবে। তিনি আরও উল্লেখ করেন যে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পঞ্চদশ সংশোধনীর মামলার রায় এবং জুলাই সনদের ওপর ভিত্তি করে গঠিতব্য সংবিধান সংস্কার পরিষদের ওপর।
সংবাদ সম্মেলনে তিনি রাজনীতিবিদদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি রোধে গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া ও কারিশমা জাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























