প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মপদ্ধতি ও নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে একজন ‘ধৈর্যশীল শ্রোতা’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং কোনো কিছু চাপিয়ে দেন না।
আশিক চৌধুরী উল্লেখ করেন, গত এক মাসে বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় বৈঠক ও পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তার। সেখানে তিনি লক্ষ্য করেছেন যে, প্রধানমন্ত্রী ফলাফলমুখী নেতৃত্বে বিশ্বাসী। তিনি প্রতিটি প্রকল্পের কার্যকারিতা এবং তা বাস্তবায়নের সময়সীমা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন। সম্প্রতি বিডার পক্ষ থেকে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো সরকারি দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত করা।
বিডা চেয়ারম্যান আরও জানান, প্রধানমন্ত্রী নিজের সময়নিষ্ঠা ও অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে অন্যদের জন্য উদাহরণ তৈরি করছেন। বর্তমানে বৈশ্বিক অস্থিরতার কারণে বৈদেশিক বিনিয়োগ কিছুটা চ্যালেঞ্জের মুখে থাকলেও, দেশীয় বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে জ্বালানি সংকট মোকাবিলা ও সমুদ্রবন্দরের আধুনিকায়নসহ ২৫টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
রিপোর্টারের নাম 
























