পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আগামী ২৭ মার্চের ফিরতি যাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও সব টিকিট শতভাগ অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা হচ্ছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, তবে এক্ষেত্রে কোনো টিকিট ফেরতের (রিফান্ড) সুযোগ থাকছে না। এছাড়া যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















