প্রধানমন্ত্রী তারেক রহমানের মাত্র ২৮ দিনে গৃহীত ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে অভিহিত ২৮টি পদক্ষেপের একটি বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি সরকারের প্রথম ২৮ দিনের কার্যক্রমকে জনগণের প্রতি দায়বদ্ধতার এক স্পষ্ট প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
মাহদী আমিন জানান, গত ১৭ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে নির্বাচনি অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করে চলেছে। এই পদক্ষেপগুলো কেবল প্রশাসনিক নয়, বরং এগুলো সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন, যিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তার ফেসবুক পোস্টে সরকারের ২৮ দিনের উল্লেখযোগ্য পদক্ষেপগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে ৩৭,৫৬৭টি পরিবারকে মাসিক ২,৫০০ টাকা সহায়তা প্রদান, যা মাত্র ২১ দিনে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, অধ্যক্ষ এবং যাজকদের মাসিক সম্মানী প্রদান, ঈদে অসহায় ও গরিবদের জন্য ত্রাণ ও উপহার বিতরণ এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে।
সামাজিক সুরক্ষার পাশাপাশি কৃষি ও গ্রামীণ অর্থনীতিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রায় ২৭,০০০ কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান এবং প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নতুন উদ্যমে চাষাবাদে সহায়তা করবে। দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রমে সহায়তার জন্য আলেম মাশায়েখদের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























