দীর্ঘ ১৯ বছর পর অবশেষে ন্যায়বিচার পেতে যাচ্ছেন ২০০৭ সালে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ জন পুলিশ সদস্য। ২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও ‘দলীয় বিবেচনায়’ বাদ পড়া ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিগত সরকারের সময় রাজনৈতিক কারণে তাদের নিয়োগ বাতিলের আদেশটি প্রত্যাহার করা হয়েছে। শর্ত সাপেক্ষে তাদের এখন চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা তাদের ব্যাচের স্বাভাবিক যোগদানের তারিখ থেকে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা বা সিনিয়রিটি পেলেও এই দীর্ঘ সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা আর্থিক সুবিধা পাবেন না।
পুনর্বহাল হওয়া এসব পুলিশ সদস্যকে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল পার করতে হবে। পুলিশ সদর দপ্তরকে এই নিয়োগ প্রক্রিয়া ও গ্রেডেশন তালিকা চূড়ান্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 























