ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।
বৈঠকে প্রতিমন্ত্রী ইইউ বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যমান বাণিজ্যিক কাঠামোর মধ্যেই বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন। বিশেষ করে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কীভাবে আরও নিবিড় করা যায়, সে বিষয়ে আলোচনা গুরুত্ব পায়।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্থান পায়। উভয় পক্ষই বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিভিন্ন ক্ষেত্রে ফ্রান্সের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ফ্রান্সের সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী। রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বাংলাদেশের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণকালে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে বিশ্বাস প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















