দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বর্তমানে ৩৪ হাজার ২২১ দশমিক ৭৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের নিট রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৫২৮ দশমিক ১৬ মিলিয়ন বা ২৯ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১১ মার্চ পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে গ্রস ও নিট উভয় রিজার্ভেই সামান্য হ্রাস দেখা গেছে।
উল্লেখ্য, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়ার পর যে পরিমাণ অবশিষ্ট থাকে, সেটিকে প্রকৃত বা নিট রিজার্ভ হিসেবে গণ্য করা হয়। আইএমএফের বিপিএম-৬ পরিমাপ পদ্ধতি অনুসরণ করে এই নিট রিজার্ভ গণনা করা হয়।
রিপোর্টারের নাম 
























