মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে কাজ শুরু করেছে বর্তমান সরকার। সোমবার টাঙ্গাইলের গোপালপুরে রাজখাল খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভোটের কালি শুকানোর আগেই সরকার উন্নয়নমূলক কর্মসূচি মাঠপর্যায়ে পৌঁছে দিচ্ছে।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সাধারণ মানুষের কল্যাণে এরই মধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষকদের আর্থিক বোঝা লাঘবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী স্বয়ং কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন বলে তিনি জানান।
দেশের জলপথ সংস্কারে সরকারের বিশাল পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সেচ সুবিধা নিশ্চিত হবে এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হবে। টাঙ্গাইলের ভরাট হয়ে যাওয়া সব খাল পর্যায়ক্রমে পুনরায় খননের মাধ্যমে কৃষি ও মৎস্য খাতে গতি ফেরানোর প্রতিশ্রুতি দেন তিনি।
রিপোর্টারের নাম 























