প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে এর প্রশংসা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই কর্মসূচিকে সাধুবাদ জানান।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে দেশের নদীমাতৃক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতে নদী ও খালগুলো সচল থাকায় যাতায়াত, পণ্য পরিবহন ও কৃষিকাজে অভাবনীয় সুবিধা পাওয়া যেত। মৎস্য সম্পদের সুরক্ষা এবং মাটির উর্বরতা বজায় রাখতে এসব জলাশয়ের ভূমিকা ছিল অপরিসীম। তবে দীর্ঘদিনের অবহেলা এবং ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের অধিকাংশ নদ-নদী ও খাল আজ ভরাট হয়ে গেছে। এর ফলে বর্ষায় অকাল বন্যা এবং শুষ্ক মৌসুমে চরম পানির সংকট দেখা দিচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নৌ-চলাচল স্বাভাবিক করতে হলে প্রধান নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করা এবং নাব্য ফিরিয়ে আনা জরুরি। সরকারের এই খাল খনন উদ্যোগ যেন টেকসই হয় এবং দেশের জলাশয়গুলোর জীবন ফিরিয়ে আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে, সেই আহ্বানও জানান তিনি।
রিপোর্টারের নাম 






















