দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগের পাশাপাশি র্যাব, বিশেষ শাখা (এসবি) এবং সিআইডির শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন। অন্যদিকে মাগুরার বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরে এবং সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়িতে পদায়ন করা হয়েছে।
একই সাথে গুরুত্বপূর্ণ সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে। বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















