তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানো এবং যুগোপযোগী সংস্কার করা অত্যাবশ্যক। তাঁর মতে, ডিজিটাল ক্ষমতায়ন ছাড়া এই মন্ত্রণালয় কার্যকরভাবে সাংবাদিকদের কল্যাণে কাজ করতে পারবে না। একইসাথে সাইবার নিরাপত্তাসহ প্রযুক্তিগত সকল ঝুঁকি মোকাবিলা করে মানুষের কাছে তথ্য সেবা পৌঁছে দেওয়া জরুরি।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি ক্রাইম বিটের সাংবাদিকদের সমস্যাগুলো তালিকাভুক্ত করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরামর্শ দেন, যাতে সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।
মন্ত্রী আরও বলেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনা করতে বিশেষজ্ঞ জ্ঞান অপরিহার্য। কিন্তু বারবার মন্ত্রণালয় পরিবর্তনের ফলে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়, যা মন্ত্রণালয়ের কার্যকারিতাকে ব্যাহত করে।
জহির উদ্দিন স্বপন জানান, প্রধানমন্ত্রী মানুষের অবাধ তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির সুবিধা শুধু মৌলিক চাহিদাই নয়, এটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ইন্টারনেট ও স্মার্টফোনের সুবিধা থেকে বঞ্চিত হলে নতুন প্রজন্ম তা মেনে নেবে না বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়ার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এসব সমস্যা লিপিবদ্ধ করা হচ্ছে এবং খুব শিগগিরই সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ওয়েজবোর্ড সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি কাজ করছেন। এটি তথ্য মন্ত্রণালয় নাকি শ্রম মন্ত্রণালয়ের এখতিয়ার, তা স্পষ্ট না হওয়ায় এই বিষয়টি নিয়ে এক ধরনের অস্পষ্টতা রয়েছে। তবে তিনি সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম বাদশার সঞ্চালনায় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিবৃন্দ।
রিপোর্টারের নাম 























